নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর কবির মিল্টন সরকার নিহত হয়েছেন। তিনি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বাদশার ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে চিথলিয়া বাজারের দিকে যাওয়ার সময় গ্রামের একটি মেঠো সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে সান্টু।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মিল্টন সরকার সান্টুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মাটির সরু রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম জানান, খাদে পড়ে যাওয়ার পর মিল্টন সরকারের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোক প্রকাশ করা হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।