সকল মেনু

মোদিকে নিয়ে প্রশ্ন তুলে বিপাকে গায়িকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন তুলে মন্তব্য করার জেরে আইনি বিপাকে পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। গত শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাই কোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন। মূলত, ভারতের পেহেলগাম হামলার ঘটনার প্রেক্ষিতে মোদিকে দায়ী করে মন্তব্য করেন নেহা। সেই মন্তব্যের জেরে লখনোউ রাজ্যের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই আইনি ঝামেলা থেকেই রক্ষা পেতে আদালতে আবেদন করেছিলেন এই গায়িকা।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করেছিলেন নেহা। প্রশ্ন রেখে তিনি বলেছিলেন, ‘সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।’ তার এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার আছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। গায়িকা জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল কিছু প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত আপাতত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত রেখেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top