সকল মেনু

বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধর, ১৫ দিন গৃহবন্দী করে রাখার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ভাতিজা ও চাচাতো ভাইয়ের নির্যাতনে এক বৃদ্ধ দম্পতি প্রায় ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলেন। উপজেলার ১ নং জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামে আলহাজ্ব মোসলেম উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে তাদের নিজ ঘরে আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়।
এর আগে ২২ নভেম্বর সকালে একা পেয়ে মাদকাসক্ত দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই ফিরোজ ওই বৃদ্ধ মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে গেলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের অন্য সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান। ঘটনার পর থেকে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসায় তারা বাড়ির বাইরে বের হতে পারেননি। অসুস্থ হওয়া সত্ত্বেও চিকিৎসা নিতে না পেরে তারা ঘরেই বন্দী ছিলেন।
ঘটনার পর ২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকর্মীদের নজরে এলে সাংবাদিকদের সহযোগিতায় বৃদ্ধ দম্পতি অবশেষে ঘর থেকে বের হতে সক্ষম হন।
এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে মাসুম আহমেদও বড়াইগ্রাম থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা সিনিয়র সিটিজেন হিসেবে সকল ধরনের আইনি সহায়তা পাবেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top