রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকেল ৩টায় উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর এলাকায় নিজ বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুরারোগ্য নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত পরপর দুইবার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার সামাজিক ও উন্নয়নমুখী কাজে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন— আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ নুরুজ্জামান লিটন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, পুঠিয়ার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য জার্সিস হোসেন সোহেল, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।