জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অবস্থিত, যাদুকাটা বালুমহাল-১ এর ইজারা বর্হিভূত জায়গা থেকে অবৈধভাবে, নিষিদ্ধ সেইভ মেশিন দিয়ে (বালু উত্তোলনের ইঞ্জিন চালিত যন্ত্র) বালু উত্তোলনের সময়, সেইভ মেশিনসহ ১০টি কাঠের তৈরি নৌকা জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) দায়িত্বপূর্ণ লাউরেরগড় সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেইভ ও নৌকা জব্দ করে।
বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-২৮ বিজিবির সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেরগড় সীমান্তের জিরো পয়েন্ট থেকে, আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে যাদুকাটা নদীতে টহল দিচ্ছিল বিজিবি। এসময় যাদুকাটা বালুমহাল-১ এর ইজারা বর্হিভূত জায়গা থেকে, সেইভ মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি বালুখেলো চক্র। বিজিবি সদস্যরা ওই জায়গায় গেলে, বালু উত্তোলনকারীরা কৌশলে পালিয়ে যায়। এসময় আনুমানিক ২০ ঘনফুট বালু, সেইভ মেশিনসহ ইঞ্জিন চালিত ৬টি কাঠের নৌকা, ইঞ্জিনসহ বালু পরিবহনের ৩টি কাঠের এবং ১টি ছোট বারকি নৌকাসহ মোট ১০টি নৌকা জব্দ করে বিজিবি।
সোমবার বিকেলে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত সেইভ মেশিন, নৌকা, শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তিনি আরও জানান, বিজিবি সীমান্ত সুরাক্ষার পাশাপাশি, সীমান্ত নদী যাদুকাটা বালুমহালে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।