সকল মেনু

কুবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নোয়াখালীর শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’-এর আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান অন্তরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্ণবের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মু. আবু বকর সিদ্দিক (সোহেল) এবং মোঃ আবু বকর ছিদ্দিক (মাসুম)। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, “নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি এক ধরনের পরিবারের মতো। এমন ভালোবাসা ও আন্তরিকতায় বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।”
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস (আইসিটি) বিভাগের নবীন শিক্ষার্থী নিশাত সুলতানা বলেন, “এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে সত্যিই অভিভূত। বড় ভাই-বোনদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।”
নবীনদের উদ্দেশে সাবেক সভাপতি হান্নান রহীম বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন, তারা প্রত্যেকেই মেধাবী। নিজের স্বপ্ন বড় করে দেখুন এবং তা পূরণের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পিতভাবে এগিয়ে যান। বিশ্ববিদ্যালয় জীবন হবে আত্ম-উন্নয়ন ও নেতৃত্বের প্রস্তুতির সময়।”
সভাপতি মোহাম্মদ হাসান অন্তর বলেন, “প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাই সংগঠনের শক্তি। নবীনদের উচ্ছ্বাস ও প্রবীণদের অভিজ্ঞতা মিলিয়েই নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ এগিয়ে যাবে সামনের দিনগুলোতে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি চরিত্র গঠনেরও জায়গা। একজন নোয়াখালীবাসী হিসেবে আমাদের উচিত সততা, ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধাবোধের মানসিকতা নিয়ে চলা। এই গুণাবলিই ভবিষ্যতে আমাদের আলাদা পরিচয়ে তুলে ধরবে।”
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top