নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আত্রাই উপজেলা মাছ উৎপাদনের জন্য সারাদেশের মধ্যে ঐতিহাসিক এক পরিচিতি রয়েছে। কিন্তু ঢাকাগামী ট্রেনের সীমিত স্টপেজ থাকায় ব্যবসায়ীরা সময়মতো রাজধানীতে মাছ পাঠাতে পারছেন না। এতে স্থানীয় মৎস্যচাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে আহসানগঞ্জ স্টেশনে শুধু নীলসাগর ও দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতি রয়েছে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সকালে আহসানগঞ্জ অতিক্রম করে,এই ট্রেনটি এখানে থামানো গেলে জনগণ সকালে ঢাকায় গিয়ে রাতে ফিরে আসতে পারবে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে এবং বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হবে।
মানববন্ধনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম বলেন, আত্রাই অঞ্চলের হাজারো মানুষ আহসানগঞ্জ স্টেশনের ওপর নির্ভরশীল। চিলাহাটি ট্রেন এখানে থামলে যাত্রীদের সুবিধার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। মাছসহ স্থানীয় পণ্য দ্রুত ঢাকায় পৌঁছানো সম্ভব হবে।
তথ্য মতে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সংস্কার ও চিলাহাটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গত ৪ সেপ্টেম্বর রেল মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছিল। আবেদন পর্যালোচনার পর রেল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় স্থানীয়দের মতামত মানববন্ধনের মাধ্যমে পাঠাতে বলেছে।
দীর্ঘদিন অবহেলিত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এখন নাজুক অবস্থায় রয়েছে। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের ট্রেনে উঠতে দুর্ভোগ পোহাতে হয়। বসার উপযুক্ত আসন নেই, টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে, আলো স্বল্পতায় রাতে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। যদিও দু’একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবে সেগুলো কতটা সচল সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার ও সমাজসেবক আহসান উল্লাহ মোল্লার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন।
তাঁর নামানুসারেই স্টেশনটির নামকরণ করা হয়। একসময় এটি উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় স্টেশনটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের দাবি, স্টেশনটি সংস্কার করে চিলাহাটি এক্সপ্রেসসহ ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা গেলে আত্রাই ও পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।