দুর্গোৎসবের অষ্টমীতে কিশোরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা। বুধবার বিকেলে শ্রী শ্রী কালীবাড়ি পূজামণ্ডপসহ একাধিক স্থানে গিয়ে পূজার্থীদের সঙ্গে কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ অঙ্গসংগঠনের নেতারা।
পূজার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা মাজহারুল ইসলাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের যে বার্তা দিয়েছেন, তা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা চাই আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন।”
এ সময় কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, “এবারের দুর্গোৎসব অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে পূজার সময় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হতো। অথচ আজ দেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এখন পলাতক, তারা বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
পূজা উদযাপন কমিটির একাধিক সদস্য জানান, এবারের উৎসব শান্তিপূর্ণভাবে চলছে। বিএনপি নেতারা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
মূলত, পূজামণ্ডপে বিএনপি নেতাদের উপস্থিতি শুধু শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি; বরং তারা রাজনৈতিক বার্তাও তুলে ধরেছেন। একদিকে সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা, অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা এভাবেই পূজার আবহে রাজনৈতিক পাল্টাপাল্টি বার্তা পৌঁছে দিয়েছে বিএনপি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।