জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে গতি আনতে সক্ষম হয়েছেন।
যোগদানের পরপরই তিনি দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ উদ্বোধন করেন। নবনির্মিত কলা ভবন, বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট, নজরুল ভাস্কর্যের সংস্কার এবং কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ সম্পন্ন করেন। এছাড়া রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কেন্দ্রীয় খেলার মাঠ, মেডিকেল সেন্টার, টিএসসি ভবন, নতুন ছাত্র-ছাত্রী হল, ইন্সটিটিউট ভবন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছেন তিনি। বিদ্যুৎ সরবরাহের সমস্যার সমাধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে আলোচনা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেন এবং আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক ব্যবস্থাপনার কাজও প্রায় শেষের পথে।
আন্তর্জাতিক ও শিল্পখাতের সঙ্গে সম্পর্ক জোরদারে বিশ্ববিদ্যালয় আকিজ রিসোর্স ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। সুষ্ঠুভাবে জিএসটি ভর্তি পরীক্ষা সম্পন্ন, একাডেমিক ক্যালেন্ডার বিতরণ, গবেষণা মেলা, প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেন তিনি।
শিক্ষার্থীদের কল্যাণেও তিনি নানা পদক্ষেপ নেন। আহত, অসুস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করেন। ছাত্র সংসদ নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিতে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান এবং গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় স্কুলে নিয়মিত পাঠ্যপুস্তক বিতরণ, বার্ষিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান কার্যক্রমও সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।