সকল মেনু

জাককানইবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে অনুপ্রেরণামূলক সেশন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ওরিয়েন্টেশন এবং অনুপ্রেরণামূলক সেশন “Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking”।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে ব্যাংকিং খাতে তরুণদের ভূমিকা, ক্যারিয়ার গড়ার কৌশল, উদ্ভাবনী নেতৃত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) জিয়াউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন মিস শায়লা আবেদিন; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন মি. এম এম মাহবুব হাসান; এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং মোহাম্মদ ফিরোজ আলম।
বক্তারা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যাংকিং খাত শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং উদ্ভাবনী চিন্তাধারা, নেতৃত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনারও একটি বড় ক্ষেত্র। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি ব্যাংকিং সেক্টরে নিজেদের দক্ষতা ও নেতৃত্ব গড়ে তোলার পরামর্শ দেন তারা।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি জানান, প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়েছে।
শিক্ষার্থীরা সেশনে অংশ নিয়ে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা এবং প্রাইম ব্যাংকের অগ্রগামী উদ্যোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পান। তাঁদের মতে, এই আয়োজন ভবিষ্যতে পেশাগত উন্নয়নের পথে নতুন দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top