গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম।
গ্রেফতার জুবায়ের শেখ উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মাহমুদ শেখের ছেলে।
পুলিশ জানায়, জুবায়ের দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে রয়েছে অপহরণ ও মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগ।
ওসি জাহিদুল ইসলামের নির্দেশে এসআই মনির হোসেনের নেতৃত্বে এএসআই খালেকুজ্জামান ও এএসআই ফয়েজসহ একটি চৌকস টিম গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়ের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করত। একই সঙ্গে সে মাদক সরবরাহ ও ব্যবসার নেতৃত্বও দিত। এলাকাবাসীর কাছে জুবায়ের ছিল ভয়ঙ্কর আতঙ্কের আরেক নাম।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গজালিয়া ও আশপাশের এলাকায় স্বস্তি নেমে আসে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের সাহসী এ অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না। আজ তাকে ধরা হওয়ায় আমরা নিরাপদ বোধ করছি।
পুলিশ জানিয়েছে, জুবায়েরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে প্রশাসন।
টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।