সকল মেনু

মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মোটরসাইকেলে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ইফতেখারুল ইসলামের বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার জন্য রিকশাচালকের বেপরোয়া চালানোকে দায়ী করে এক প্রত্যক্ষদর্শী বলেন, ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এর সম্পূর্ণ দোষ রিকশাচালকের। উনি সোজা বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে করে আসছিলেন। ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো। সরকারের কাছে দাবি রিকশাচালকদের বেপরোয়া চলাচল বন্ধে ব্যবস্থা নিন।

ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে দুইজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি রিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেকফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পিছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।

রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিকশার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top