রাজশাহীর বাঘায় রাজনীতিবিদদের মেজর ও এসপি পরিচয়ে ফোন দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকদের খপ্পরে না পড়তে জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরুর পর প্রতারকদের ধরার চেষ্টাও শুরু করেছে সংস্থাটি। রোববার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, সম্প্রতি দুটি নম্বর থেকে বাঘার রাজনৈতিক ব্যক্তিসহ স্থানীয় কয়েকজনকে ফোন দেওয়া হয়। নম্বর দুটি হলো- ০১৬২৬৭৯৭২০৫ এবং ০১৩৪০৬১৫৫৩৩। ফোন দেওয়া ব্যক্তিদের একজন নিজেকে মেজর রিজওয়ান ও অপরজন এসপি মুনির বলে পরিচয় দেয়। এ সময় তারা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক ব্যক্তিদের সাথে গোপনীয় কথা বলতে আগ্রহ প্রকাশ করে। ফোনে ওই ব্যক্তিরা চা-কফি পানের দাওয়াতও দেয়। এ সময় তারা টাকা আদায়ে কৌশলী হয়ে বিভিন্ন কথাবার্তাও বলেন। তবে রাজনৈতিক ব্যক্তিরা তাতে সাড়া না দিয়ে ঘটনাটি পুলিশকে জানান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর আমি নম্বর দুটিতে ফোন দিয়েছিলাম। তবে তারা ফোন রিসিভ করে কোনো কথা বলেনি। আসলে কোনো সরকারি কর্মকর্তা কখনো এভাবে ফোন দিয়ে কথা বলতে পারেন না, এটা প্রতারক চক্রের কাজ হতে পারে। কেউ টাকাপয়সা দেয়নি বা প্রতারিতও হয়নি। তবে আমরা সতর্ক রয়েছি। জনগণকে সচেতন থাকতে বলছি, কেউ যেন তাদের খপ্পরে না পড়ে। এছাড়া প্রতারক চক্রকে ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি আছাদুজ্জামান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।