নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণে আমপুর কাঠের ব্রিজ এলাকার বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বলে জানা গেছে। আত্রাই থানা পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল।
এসময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনেটি পিছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মনিরুলের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।