রাজশাহীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ৬০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) নগরীর সিএন্ডবি মোড় এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি আল মামুন রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আতেক আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুলসহ নানা ধরণের উপহার সামগ্রী তুলে দেন ছাত্রশিবিরের নেতারা। এ সময় শিক্ষার্থীদের অনেকেই ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।