সকল মেনু

লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রোমান হাসান ও সুমাইয়া শারমীন শিমু।

এসময় অংশগ্রহণকারীরা হাতে প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—
“আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে কোথাও যাওয়ার সুযোগ নাইরে”,
“NTRCA open the door for Public Administration”,
“তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে পাই এখন ভয়” এবং
“আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, দেখি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্বপ্ন আছে, কোন সুযোগ নাই।”

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাভেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই যৌক্তিক আন্দোলন করে আসছি কিন্তু আমাদের বিভাগের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। সারা দেশে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হলেও সার্ভিস সেক্টরে তেমন সুযোগ নেই। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়।”

প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “লোকপ্রশাসন বিভাগে এমন বিষয় পড়ানো হয় যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পর্কিত। তাই এটি শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া যৌক্তিক।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার নাদিরুজ্জামান ইমন বলেন, “আমরা নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারি না, অথচ রাষ্ট্রবিজ্ঞান ও পৌরনীতি পড়ুয়া শিক্ষার্থীরা কলেজ পর্যায়ে চাকরি পাচ্ছেন। অনার্স-মাস্টার্স মিলিয়ে পাঁচ বছর পড়াশোনা করেও কেন আমরা সেই সুযোগ পাব না? আমাদের দাবি— লোকপ্রশাসন বিভাগকে অবিলম্বে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং চাকরির পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। আমরা চাই, খুব শিগগিরই এই দাবি বাস্তবায়িত হোক।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top