সকল মেনু

বাঘায় বন্যা কবলিত দুই স্কুল বন্ধ ঘোষণা

রাজশাহীর বাঘা উপজেলার যোগাযোগ বিছিন্ন পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের বন্যা কবলিত চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে ৮দিনের ছটি ঘোষনা করা হয়েছে।  বন্যার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা নিয়মিত আসতে না পারায় ছুটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান জানান, এবারে বন্যায় ইউনিয়নটির রাস্তা-ঘাটসহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায়, শিক্ষার্থীদের কেউ কেউ পানি মাড়িয়ে স্কুলে আসছিল। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখতে  ছুটি ঘোষনা করেছেন।
সভায় উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান জানান, লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেড়ার অর্ধেক পানিতে ডুবে গেছে। আরো কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের চারিদিকে পানি। সরকারিভাবে ছুটির নির্দেশ আসেনি।
 গত ৫দিনের বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭০০ বিঘা জমির আবাদি ফসলসহ গোচরণভূমি ও রাস্তাঘাট বণ্যার পানিতে তলিয়ে গেছে। পদ্মার ভাঙনের ঝুঁকিতেও রয়েছে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর  চারপাশে ৫০টি পরিবার । গো খাদ্যের সংকটে অনেকে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। যাদের ঘরে পানি গিয়েছে,তারা মাচা করে থাকছেন আর অন্য জায়গায় রান্না করে আনছেন।
প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম- পলাশী ফতেপুর, কালিদাসখালী ,আতারপাড়া,চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রাম- কড়ারি নওশারা,খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর এবং খানপুর নীচ পাড়াসহ আক্রান্ত এলাকার ১০ গ্রামের মোট জনসংখ্যা ৮ হাজার। এর মধ্যে পানিবন্দী ২ হাজার ৪০০ পরিবার।
ইউনিয়নটির বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকদার বলেন, বণ্যার সাথে কোথাও কোথাও ভাঙনও দেখা দিয়েছে। বন্যা কবলিত মানুষকে  পোঁকা মাকড়ের সাথে বসবাস করতে হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক ঘর-বাড়ি ডুবে যাবে।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, তার উপজেলার  প্রায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, মানবিক সহায়তায় ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top