গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবার হত্যার বিচারের আশায় প্রহর গুনছে এক শিশু। বছর পেরিয়ে গেলেও এখনো ন্যায়বিচার পায়নি নিহত আরমান শেখের পরিবার।
গত বছরের ১১ মে নিখোঁজ হন টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল গ্রামের মো. আরমান শেখ। পরদিন ১২ মে শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নির্মম এ হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
নিহত আরমান শেখ ছিলেন স্থানীয় সাংবাদিক মোঃ তপু শেখের একমাত্র ছেলে ও পরিবারের প্রধান উপার্জনকারী। তার মৃত্যুতে স্ত্রী, বাবা-মা ও মাত্র ১৪ মাস বয়সী শিশুসন্তানসহ ৬ সদস্যের পরিবারে নেমে এসেছে অসহায়ত্ব ও দারিদ্র্য।
নিহতের বাবা সাংবাদিক তপু শেখ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রায় এক বছর পার হলেও আমরা এখনো বিচার পাইনি। পরিবার চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেউ পাশে দাঁড়ায়নি, খোঁজও নেয়নি। তিনি সরকারের এবং প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর আশিষ মৈত্র জানান, মামলা তদন্তাধীন। পূর্ণাঙ্গ তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।