রাজশাহীর চারঘাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে সংস্থাটি তাকে গ্রেফতার করে। দুপুরে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতার যুবকের নাম মিনহাজ উদ্দিন (২০)। তিনি জেলার চারঘাটের ইউসূফপুর সিপাইপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়।
র্যাব জানায়, ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে মিনহাজ প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার সময় প্রতিনিয়ত হুমকি ও প্রাণনাশের ভয়-ভীতিও দেখাতেন তিনি। বিষয়টি তার পরিবারকে জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর ক্ষতি করার পায়তারা করেন। গত ৩০ জুলাই সকাল পৌনে ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। তিনি ইউসফপুর গ্রামস্থ পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছান। কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে মিনহাজ আরও দুজন ব্যক্তির সহায়তায় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে বানেশ্বর অভিমুখে অজ্ঞাত স্থানে যায়। পরবর্তীতে চারঘাট থানায় ওই ছাত্রীর মা অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, এরই পরিপ্রেক্ষিতে আসামীদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ইউসূফপুর সিপাইপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূলহোতা মিনহাজকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। আসামী ও ছাত্রীকে ক জিডি মূলে সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।