রাজশাহীর দুর্গাপুরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভরপুর একটি ব্যতিক্রমধর্মী দিন কাটিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আখতার। শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি তিনি উদ্বোধন করেছেন ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় ভিক্ষুককে দিয়েছেন দোকানঘর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয় তার এ দিনব্যাপী কর্মসূচি। দিনটি শুরু করেন লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়, দেবিপুর উচ্চ বিদ্যালয় ও বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে। এরপর তিনি দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন।
এছাড়া পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
দুপুর পেরিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ফিতা কেটে ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। একই স্থানে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় একজন অসহায় ভিক্ষুককে দোকানঘরও প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “প্রতিটি উপজেলা নিয়মিতভাবে পরিদর্শনের লক্ষ্যেই আমরা মাঠে থাকি। আপনাদের দায়িত্ব হলো—সরকারি দপ্তরের সব কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। উন্নয়ন ও মানবসেবার এই যাত্রায় সক্রিয় অংশগ্রহণ চাই সকলের।”
দুর্গাপুরে অবস্থানকালে তিনি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সব দপ্তরের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বেশি দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, পজীপ প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।