সকল মেনু

জাককানইবিতে সাংবাদিককে মারধরের হুমকির অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। সময়ের আলো ও এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালনের সময় এই হুমকি ও অবমাননার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মুহূর্তে ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকরা মঞ্চের সামনে অবস্থান নেন। তখন জাহিদুল ইসলাম পেছন থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন। বেশ কয়েকজন সরলেও সময়ের আলোর প্রতিনিধি আশরাফুল আলম তার দায়িত্ব পালনের কথা জানালে জাহিদুল তাকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন এবং চড় মারার হুমকি দেন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এনটিভির প্রতিনিধি রোহান চিশতী বিষয়টি জানতে চাইলে তাকেও হুমকি দিয়ে মারতে উদ্যত হন জাহিদুল। একপর্যায়ে তিনি বলেন, “তুই কি আরও বুঝতে চাইতেছোস?” তখন ছাত্রদলের অন্য নেতাকর্মীরা তাকে সরিয়ে নেন।

এ বিষয়ে আশরাফুল আলম বলেন, “আমি সাংবাদিক পরিচয় দিয়ে দায়িত্ব পালনের কথা বললে সে আরও রেগে গিয়ে চড় মারার হুমকি দেয়। পরে শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।”

রোহান চিশতী জানান, “আমি যখন ঘটনার ব্যাখ্যা জানতে চাই, সে উত্তেজিত হয়ে আমাকে মারতে আসে এবং বারবার আমাকে ‘সাংঘাতিক’ বলে কটাক্ষ করে।”

এছাড়া, ‘আমার বার্তা’ পত্রিকার প্রতিনিধি মুমিন ইসলাম সবুজ অভিযোগ করেন, জাহিদুল ইসলাম তাকে এবং অন্য সাংবাদিকদের সাথেও কর্কশ আচরণ করেছেন।

জানা গেছে, জাহিদুল ইসলাম অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে তাকে পুনরায় ছাত্রত্ব প্রদান করা হয়েছে।

তিনি বর্তমানে শাখা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী ইমরান ফরাজির অনুসারী বলেও একাধিক সূত্রে জানা গেছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম। জাহিদুলের আচরণ অগ্রহণযোগ্য। আমরা সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং ভবিষ্যতে যেন এমন না হয় তা নিশ্চিত করবো।”

ঘটনার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top