সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার দুপুর একটায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতরা হলেন- শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ শহরের আরপিননগরের দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে, সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০) নামের সিএনজি যাত্রী।
আহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষন পালের মেয়ে ঐশী রানী পাল (১৮), শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের রমজান আলীর ছেলে সিএনজি চালক রশিদ আহমেদ। আহত দুজনকে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস (সিলেট ব-১১-০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ হয়। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।