রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুঠিয়া-নন্দনগাছি সড়কের খোকন মিস্ত্রির বাড়ি সংলগ্ন এলাকাটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। এতে করে ওই এলাকার প্রায় ৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, রান্নাবান্না ও দৈনন্দিন কাজেও চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দীর্ঘদিন ধরেই এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) বিকেলে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সরেজমিন পরিদর্শনে যান। পরে জরুরি ভিত্তিতে অস্থায়ী পানি নিষ্কাশনের জন্য একটি বিকল্প পথ তৈরি করে দেওয়া হয়, যাতে পরিবারগুলো সাময়িকভাবে হলেও স্বস্তি ফিরে পায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন,“স্থানীয়দের অভিযোগ পেয়েই দ্রুত সরেজমিনে যাওয়া হয়েছে। অস্থায়ীভাবে পানি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।”
অভিযোগকারী বাসিন্দাদের মতে, বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও জানান, বৃষ্টির সময় তাদের ঘরের ভিতরেও পানি ঢুকে পড়ে। শিশু ও বৃদ্ধদের চলাচল অনিরাপদ হয়ে পড়ে। এতে করে নানা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা না হলে এই দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে যেকোনো সময় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।