রাজশাহীর দুর্গাপুরে শার্টের পকেটে ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে বিক্রির সময় হাতেনাতে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার হাটকানপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাদক কারবারির নাম সোহেল রানা (৪৫)। তিনি উপজেলার বখতিয়ারপুর এলাকার মৃত মেছের সরকারের ছেলে।
র্যাব জানায়, দুর্গাপুরের হাটকানপাড়া বটতলা এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখে বলে র্যাব সদস্যরা জানতে পারেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের বুক পকেট থেকে ১৬০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, আসামীর বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।