৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জামালপুরে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি উচ্চকক্ষ ভোটের অনুপাতে অর্থাৎ পিআর অনুসারে হতে হবে, এটা আসন অনুসারে হওয়া যাবে না।
এনিসিপির আহ্বায়ক বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। ঐকমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না এ নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক। পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পর নির্বাচনী তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আজ জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।