সকল মেনু

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জামায়াতের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবির কথা জানান। তিনি বলেন, জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি। জুলাই ঘোষণাপত্র সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই দাবি জানিয়ে যাবো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে সাত দফা দাবি ঘোষণা করা হয়েছে সেখানেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ রয়েছে।

অনেক সময় গড়িয়েছে। এতদিনেও সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র সেটি বাস্তবায়ন করেনি। এখন শোনা যাচ্ছে ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা করা হবে। সেটা নিয়েও ধোঁয়াশা আছে। এ ব্যাপারে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি চাই। জামায়াতের যে সাত দফা দাবি, যেটার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সাত দফা দাবিতেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ আছে। এই দাবি অবশ্যই সরকারকে বাস্তবায়ন করতে হবে।

এটা পেছাতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করি না, সরকার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এমন আচরণ করবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র অবিলম্বে বাস্তবায়নে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকী পালনের মধ্যেই এ ব্যাপারে সরকার একটি সিদ্ধান্ত আশা করি গ্রহণ করবে।

সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেবে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। এটা নিয়ে অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো। তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top