নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা লঙ্ঘন করে ছাত্রদল নেতার প্রবেশের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন উঠেছে—আইন থাকলেও প্রয়োগ হচ্ছে কি?
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই ওই কেন্দ্রে প্রবেশ করেন বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার।
শুধু তাই নয়, পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় পর্যায়ে নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়।
নিয়মানুযায়ী, পাবলিক পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকেই কেন্দ্রের একশ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। তখন কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। তবে পরে জানা যায়, একজন পরীক্ষার্থীকে আসন দেখিয়ে দেওয়ার কথা বলে রাকিব সরদার কক্ষে প্রবেশ করেছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা লঙ্ঘনের বিষয়টি বড়াইগ্রাম থানাকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।