সকল মেনু

তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান বেনাপোলে আটক  

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাসপোর্ট যাচাইকালে তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ভারতে প্রবেশের জন্য চেকপোস্টে পাসপোর্ট স্ক্যান করলে ইমিগ্রেশন ডাটাবেজে তার বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ নভেম্বর রংপুর কোতোয়ালি মেট্রো থানায় দায়ের হওয়া একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, পাসপোর্ট স্ক্যান করার পরই আমাদের ডাটাবেজে তার নাম আসামি হিসেবে উঠে আসে। এরপর প্রাথমিক যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
আটকের পর আনিছুর রহমানকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আটককৃত ব্যক্তি রাজনৈতিক পরিচিতিসম্পন্ন হলেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে রংপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এ বিষয়ে আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আমি তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে মামলা রয়েছে, এটা আমার জানা ছিল না। আমি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলাম।
আটক আনিছুর রহমান বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারক আমার দেশকে বলেন, চেয়ারম্যান গ্রেফতারের বিষয়টা আমি শুনেছি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top