সকল মেনু

নজরুলের স্মৃতিচিহ্নে নতুন প্রাণ: জাককানইবিতে ভাস্কর্যের পূর্ণাঙ্গ রূপে পুনরাবির্ভাব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহের ত্রিশালে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের একমাত্র ‘নজরুল ভাষ্কর্য’ অবশেষে সংস্কার শেষে নতুন রূপে উন্মোচিত হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে শুরু হওয়া এই ভাস্কর্য নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় ২০২১ সালের ২৫ মে, কবির ১২২তম জন্মবার্ষিকীতে এটি উদ্বোধন করা হয় অসম্পূর্ণ অবস্থায়। তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান সাদা কাপড়ে ঢাকা এবং লাল গালিচা দিয়ে মোড়ানো ভাস্কর্যটির উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দায়িত্বে থাকাকালীন ভাস্কর্যের কাজ সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে ফ্যাসিবাদী সরকারের পতন ও প্রশাসনিক পরিবর্তনের পর নতুন উপাচার্যের নেতৃত্বে ২০২৫ সালের নজরুল জন্মজয়ন্তীর আগেই ভাস্কর্যটির নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পূর্ণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষ্কর্যের নতুন রূপে রীতিমতো উচ্ছ্বসিত। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওয়াকিয়াহ হক খান তরী বলেন, “ভাস্কর্যটির চারপাশ এখন দারুণ পরিষ্কার-পরিচ্ছন্ন। লাল ইটের বেদি, পাশে ফুলের গাছ আর আধুনিক আলো-বাতি সব মিলিয়ে জায়গাটিতে এখন নজরকাড়া সৌন্দর্য এসেছে।”

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ওমর তারিক জানান, “আগে জায়গাটি প্রায় অপরিচ্ছন্ন থাকত, সন্ধ্যার পর কেউ বুঝতেই পারত না এখানে কোনো ভাষ্কর্য আছে। এখন এটি শুধু নজরুল স্মরণ নয়, আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যেরও প্রতীক হয়ে উঠেছে।”

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, “জাতীয় কবি নজরুল ইসলাম কেবল একজন বিদ্রোহী কবি নন, তিনি আমাদের চেতনাশক্তির অন্যতম উজ্জ্বল প্রতীক। তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই ভাষ্কর্যের নির্মাণ সম্পন্ন করেছি এবং ক্যাম্পাসের পরিবেশকে আরও প্রাণবন্ত করার চেষ্টা করেছি।”

নতুনভাবে নির্মিত ও সজ্জিত নজরুল ভাষ্কর্য আজ শুধু একটি শিল্পকর্ম নয়, এটি হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ও ইতিহাস-সচেতনতামূলক পরিচয়ের অংশ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top