সকল মেনু

শিয়ালের কামড়ে ১৩ পানচাষি আহত

রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে ১৩ জন পানচাষি আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পানবরজে কাজ করার সময় হঠাৎ শিয়াল ঢুকে তাদের কামড় দেয়। শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা সবাই বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে সাইপাড়া গ্রামের ইমান আলী (৪৫), পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেনের (৬৮) অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, সকালে তারা পানবরজে কাজ করতে গিয়েছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিয়াল আক্রমণ করে তাদের হাত–পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পানবরজে কয়েকজনকে কামড় দেয় শেয়ালটি। এ ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা পানবরজে যাওয়া বন্ধ করেছেন।

সাইপাড়া গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, ‘আমরা আতঙ্কে আপাতত বাইরে যাচ্ছি না।’ আহত ইসাহাক আলী (৬৭) নামে আরেকজন বলেন, ‘সকালে পানবরজে কাম করার সময় পিছন থেইক্যা একটা শেয়াল আইস্যা খচ কইরা কামড় দিইয়্যা চলে গেছে।’ সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, ‘আজ সকালে পানবরজে গিয়ে শিয়ালের কামড়ের শিকার হয়েছি। পেছন থেকে লাফ দিয়ে শিয়াল কামড় দিয়েই চলে গেছে।’

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আহত রোগীদের সবাইকে টিকা দেওয়া হয়েছে। তাদের অধিকাংশের পায়ে ক্ষত পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব বলেন, শিয়াল সাধারণত দুটি কারণে আক্রমণ করে। প্রথমত, কেউ প্রাণীগুলোকে আঘাত করলে সংঘবদ্ধ হয়ে আক্রমণে যায়। আরেকটি হলো খাদ্যসংকট।

তিনি বলেন, এখন শিয়ালের খাবারের খুব অভাব। ক্ষুধার্ত হয়ে এগুলো লোকালয়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ করে। মনে হচ্ছে, ক্ষুধার্ত শিয়ালই আক্রমণ করেছে। এ বিষয়ে স্থানীয়াদের সতর্ক থাকার অনুরোধ জানান আহসান হাবিব।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top