চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বিজিবির হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এ সময় বিজিবি সদস্যের কাছে একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করে তারা।
বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ মুর্তি (৪৩)। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে জনতার হাতে আটক মদ্যপ বিএসএফ সদস্য গণেশকে তার অস্ত্র ও গোলাবারুদসহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।
স্থানীয় গ্রামবাসী ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯ -এর সাব পিলার ৫ -এর সামনে সাতরশিয়া এলাকায় বাংলাদেশি গরু-ছাগল মাঠে চরানোর সময়, ভারতের ৭১ বিএসএফ’র নুরপুর ক্যাম্পের এলাকায় প্রবেশ করে। এ সময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।