তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিwনমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এসময় উপস্থিত ছিলেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার, পৌর বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সাবরিনা শারমিন বলেন, “তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হলে আইনের প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।”
সভায় বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো নানা প্রলোভন ও কৌশলের মাধ্যমে তরুণদের মধ্যে নেশাজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তামাক ব্যবহারজনিত কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বাংলাদেশে লাখো মানুষ প্রাণ হারাচ্ছেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও সাবরিনা শারমিন।
সভা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দুর্গাপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তামাকবিরোধী সচেতনতা কর্মসূচি চালু রাখা হবে এবং হাট-বাজারে অবাধে তামাকজাত পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আয়োজকরা জানান, “তামাক নয়, সুস্বাস্থ্যই অগ্রাধিকার” — এ বার্তা নিয়ে উপজেলা প্রশাসন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।