সকল মেনু

চাঁপাইনবাবগঞ্জে যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) চাঁপাইনবাবগঞ্জ শহরের শাটু হলরুমে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার”। সেমিনারে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চার শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আমকে শিল্পে রূপান্তর করতে হবে।

তিনি বলেন, আম থেকে জুস, আচারসহ বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে সারাবছরব্যাপী এর ব্যবহার নিশ্চিত করা সম্ভব, যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তিনি চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র থাকলেও তা এখনো আমকে শিল্পে রূপান্তরের কোন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে হতাশা প্রকাশ করেন।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর প্রায় ২৫ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হলেও রপ্তানি হয় মাত্র ১০ হাজার মেট্রিক টন। বাকি আম পরিকল্পনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে সঠিক পরিকল্পনা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে একটি ম্যাংগো ইন্ডাস্ট্রি এবং ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যদি জনগণ সুযোগ দেয়।

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের রক্ষা করতে হবে। এজন্য কৃষক ও উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান জানান তিনি এবং একটি স্মার্ট অ্যাপ তৈরির ঘোষণাও দেন। এছাড়াও, আমের নতুন আন্তর্জাতিক বাজার তৈরির লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের নিয়ে একটি আন্তর্জাতিক আম প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি, সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের পথ সুগম করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে আম শিল্প ও রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, নওয়াবী ম্যাংগোর প্রতিষ্ঠাতা ইসমাইল খান শামীম, কৃষি উদ্যোক্তা মো. মুনজের আলম মানিক, ই-কমার্স ও ব্র্যান্ডিং বিশেষজ্ঞ শরীফ আবু হায়াত অপু এবং আম রপ্তানি বিশেষজ্ঞ জাহিদ হাসান গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেন।

সেমিনারে বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি ছিল চাঁপাইনবাবগঞ্জের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top