জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় “চলচ্চিত্রকর্ম: পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন, ২০২৩-এর ভূমিকা” বিষয়ে একটি সেমিনার আয়োজিত হয়েছে। রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় অবস্থিত কনফারেন্স রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কপিরাইট অফিস এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সেমিনারে কপিরাইট আইন, বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা এবং পাইরেসি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মো. মনজুরুর রহমান। তিনি বলেন, “পাইরেসি মেধাবী মানুষদের সৃষ্টিশীলতায় হুমকি তৈরি করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “পাইরেসি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এমন আয়োজন করা উচিত।”
কপিরাইট রেজিস্ট্রার (যুগ্মসচিব) জনাব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা।
সেমিনারের সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মাহমুদা সিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. জিল্লুর রহমান পল।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কপিরাইট অফিসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সেমিনারটি কপিরাইট সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।