নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা আরশেদ আলী (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতিজা সুমনকে (৩০) আটক করে থানা নিয়ে গেছে পুলিশ। সোমবার (১২ মে) উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আরশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এ সময় আরশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। অন্যদিকে আটক সুমনের দাবি, তাকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে।
নিয়ামতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।