দীর্ঘ চার মাস পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই আয়োজন করা হয়। ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন মুন্না, আরিয়ান আরিফ, জিসান খান, রাসেল হোসেন, শরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল বলেন, “দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নের পর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। একইসঙ্গে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা। এ দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক দিনে আমরা প্রতিজ্ঞা করছি—আর কখনো জিয়া পরিবারের মতো কাউকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে দেব না।”
ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর বলেন, “বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। তারেক রহমানকেও পরিবারসহ নির্বাসনে থাকতে হয়েছে। আজ আমরা নতুন আশায় এগিয়ে যেতে চাই।”
আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “জিয়া পরিবার শুরু থেকেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। তারা ফিরে আসায় আমরা আশাবাদী যে বাংলাদেশ একটি নতুন পথে এগিয়ে যাবে।”
অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।