সকল মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

২ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও নতুন কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫,৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,২৩১ জন অংশগ্রহণ করেন, যা ৯৫.১৭৮ শতাংশ উপস্থিতির হার।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তার সঙ্গে ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ভিজিল্যান্স কমিটির সদস্যরা।

উপাচার্য জানান, পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রের মান নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাঁচটি কন্ট্রোল রুমের তত্ত্বাবধানে ৮২টি কক্ষে পরীক্ষা নেওয়া হয়। এর পাশাপাশি জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশ, র‍্যাব, আনসার ও সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ ছিল।

পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ ও ভালুকা থেকে বাসের ব্যবস্থা করা হয়। আগত অভিভাবকদের জন্য ছিল বসার ও শৌচাগারের সুব্যবস্থা। যানজট নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহও নিশ্চিত করে প্রশাসন।

আগামী ৯ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা। প্রতিটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে gstadmission.ac.bd ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে এ বছর ১,১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top