জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে আটজন কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই বদলিগুলো মূলত প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রাধেশ্যাম আগে দপ্তর শাখায় কর্মরত ছিলেন। তাকে বদলি করে এখন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-রেজিস্ট্রার রেবেকা সুলতানা পূর্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে কর্মরত থাকলেও এখন থেকে তিনিও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দায়িত্ব পালন করবেন। উপ-রেজিস্ট্রার আবদুল্লাহ্ আল মামুন, যিনি এতদিন প্রকৌশল দপ্তরে কাজ করতেন, তাকে পরিবহন প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি পরিবহন বিভাগের যাবতীয় প্রাক্কলন সংক্রান্ত কাজের দায়িত্বে থাকবেন।
অপরদিকে, ইতিহাস বিভাগে কর্মরত ফয়সাল রাব্বী তানিমকে বদলি করে পাঠানো হয়েছে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে। রেজিস্ট্রার দপ্তরের সোহেল রানাকে স্থানান্তর করা হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। অগ্নিবীণা হলে কর্মরত মাহমুদুল আহসান এখন থেকে আইন অনুষদে দায়িত্ব পালন করবেন। একইভাবে, আনোয়ার পারভেজকে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সরিয়ে ইতিহাস বিভাগে বদলি করা হয়েছে। আর রেজিস্ট্রার দপ্তরে কর্মরত মোহাম্মদ কাউসার এখন থেকে বিদ্রোহী হলে নতুন দায়িত্বে নিয়োজিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এসব বদলি শুধুমাত্র রুটিন মাফিক প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া কৌশলগত পদক্ষেপ। নতুন দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট দপ্তরে তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন বলে প্রশাসনের প্রত্যাশা।
অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। শিক্ষার্থীদের মতে, প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে একটি আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।