বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বলেছেন, আমরা যারা মুক্তিযুদ্ধে লড়েছি, তাদের একমাত্র লক্ষ্য ছিল একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি—রক্ত দিয়েছি, পরিবার-পরিজন ছেড়ে যুদ্ধ করেছি। তাই এই অর্জনকে আমরা কখনো বৃথা যেতে দিব না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। পৃথিবীর বুকে বাংলাদেশের পরিচয় তারাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা সবচেয়ে সম্মানীয় ব্যক্তি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি দূরুল হোদা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন। এদিন সূর্যোদয়ের সাথে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫-এর কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া দুর্গাপুট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।