সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত সর্দার মর্তুজ আলীসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতদের ব্যবহৃত ১টি দেশীয় তৈরি পাইপগান, ৪টি কার্তুজ, ২টি চাইনিজকুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ১টি শাবল এবং ৮হাজার ১৯০ টাকাসহ দেশীয় তৈরি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, রবিবার (২মার্চ) রাতে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে কুখ্যাত ডাকাতসর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। সে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ উপজেলার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ উপজেলার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের এক শিশু, কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)।
জেলা পুলিশ সুপার সাময়িক দায়িত্বপ্রাপ্ত তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ডাকাত দলটি দীর্ঘদিন ধরে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।