নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় প্রতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল।
রোববার (১৬ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার মোটরসাইকেল জিম্মি করে রাখে বলে অভিযোগ পাওয়া যায়।
এরপর খবর পেয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮)– দুজনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও কঠোর করা হবে।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/11/17/bangladesh/newsid-13912/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ