সকল মেনু

লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস সুলতানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা।

এ ছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার নানা দিক তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্য ও এলাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। স্থানীয় উন্নয়নকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ এবং সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি সভায় গুরুত্ব পায়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top