সকল মেনু

দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলে আরো ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে এনএসইউ’র প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে।

এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও তুলে ধরে।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে তিনি আরো বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

সাক্ষাৎকালে এনএসইউ’র আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top