সকল মেনু

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা দ্বিতীয়, লালপুরে রায়হানকে সাংবাদিকদের সংবর্ধনা

জাতীয় পর্যায়ে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে নাটোরের লালপুরের মুখ উজ্জ্বল করেছেন তরুণ উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান। তাঁর এই অসামান্য অর্জনে গর্বিত লালপুরবাসী। জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা দিয়েছেন লালপুরে কর্মরত সাংবাদিকেরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, উপজেলা বন কর্মকর্তা এ.বি.এম. আব্দুল্লাহ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ.এস.এম. মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.কে. আজাদ সেন্টু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জামিরুল ইসলাম মাস্টার, অধ্যক্ষ ইনতাজ আলী এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।
বক্তারা বলেন, আব্দুল মোত্তালেব রায়হানের জাতীয় পর্যায়ের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো লালপুর উপজেলার গর্ব ও সম্মানের বিষয়। সীমিত পরিসর থেকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি আজ জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও উদ্যোগ থাকলে তরুণেরা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, রায়হানের এই অর্জন এলাকার বেকার ও সম্ভাবনাময় যুবকদের আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রেরণা জোগাবে। তাঁর অভিজ্ঞতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে লালপুরে আরও নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ছয়টি গরু দিয়ে শুরু, এখন বহু খাতে উদ্যোগ
আব্দুল মোত্তালেব রায়হান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সন্তান। ২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর মাত্র ছয়টি গরু নিয়ে গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেন তাঁর উদ্যোক্তা জীবনের পথচলা। সেই ছোট উদ্যোগই ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং ও পরিবহনসহ বিভিন্ন খাতে তাঁর একাধিক উদ্যোগ রয়েছে।
আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।
গত ১ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলতি বছর জাতীয় পর্যায়ে দুটি এবং বিভাগীয় পর্যায়ে ১৪টি পুরস্কার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা রায়হানের হাতে গড়া উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
লালপুরের মাটি ও মানুষের সন্তান রায়হানের এই অর্জন নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। ছয়টি গরু দিয়ে শুরু হওয়া স্বপ্ন যে একদিন জাতীয় স্বীকৃতির দুয়ারে পৌঁছাতে পারে, তাঁর জীবনযাত্রা তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top