সকল মেনু

সব দাখিল মাদরাসার জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করবেন।
কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বোর্ডের রেজিস্ট্রার অধ্যক্ষ প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃত্তি প্রদানের বিভিন্ন শর্ত ও নীতিমালা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হবে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবৃত্তি বণ্টন করা হয়েছে। তবে বৃত্তি পাওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৩.০০।

শিক্ষার্থী অনুপাতে মেধা ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। এ ছাড়া বিভাগভিত্তিক বৃত্তি বণ্টনের ক্ষেত্রে বিজ্ঞান ও সাধারণ বিভাগের অনুপাত রাখা হয়েছে ৩:২।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতি বজায় রাখতে হবে। একই সঙ্গে বৃত্তি কার্যকর হওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি অবশ্যই সরকারি অনুমোদনপ্রাপ্ত হতে হবে। অনুমোদনহীন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য বিবেচিত হবে না।

এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসবেন না।মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না।

এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বৃত্তির অর্থ সরকারি পিটুপি পদ্ধতিতে ইএফটি-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকের অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে হিসাব খুলতে হবে।

ব্যাংক হিসাবের নম্বর ভর্তিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে জমা দিতে হবে। শিক্ষার্থীরা অধ্যয়নরত কোর্সের মেয়াদ অনুযায়ী বৃত্তির বার্ষিক এককালীন অর্থ উত্তোলন করতে পারবেন।

কোনো শিক্ষার্থী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রধানকে বৃত্তি স্থানান্তরের বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে। একাধিক প্রতিষ্ঠানে ভর্তি থাকা শিক্ষার্থীরা এ বিজ্ঞপ্তির আওতায় বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবেন না।

বোর্ড জানিয়েছে, বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদ প্রয়োজন অনুযায়ী সরকার পরিবর্তন বা বাতিল করতে পারবে। বিজ্ঞপ্তিতে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধন এবং প্রয়োজনে বৃত্তি বাতিলের ক্ষমতাও বোর্ড সংরক্ষণ করে।

বৃত্তির অর্থ উত্তোলনের আগে শিক্ষার্থীদের বোর্ডের নির্ধারিত নিয়মনীতি মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। নিয়ম ভঙ্গ করলে বৃত্তির অর্থ ফেরত দিতে বাধ্য থাকতে হবে।

 

২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের নির্ধারিত বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে এ অর্থ ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top