টি-টোয়েন্টি ক্রিকেটে যখন অভিষেক হয় তখনও কৈশরেই ছিলেন রশিদ খান। ২০১৫ সালে এ ফরম্যাটে খেলা শুরু করা সেই কিশোরই এখন ২৬ বছরের পরিপূর্ণ এক যুবক। সেই যুবকই গতকাল গড়েছেন অসাধারণ এক মাইলফলক। ডোয়াইন ব্রাভোকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ খান। দলটির অধিনায়কও তিনি। গতকাল এ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসের দুনিথ ভেল্লালেগেকে আউট করে ৬৩২তম উইকেট শিকার করেন রশিদ খান, টপকে টি-টোয়েন্টিতে ব্রাভোর সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড।
এরপর দিনেশ কার্তিককে আউট করে উইকেট সংখ্যা ৬৩৩-এ নিয়েছেন তিনি। রশিদের দারুণ এই রেকর্ড গড়ার ম্যাচে কেপটাউন ম্যাচটি জিতেছে ৩৯ রানে।
এদিকে ব্রাভোর রেকর্ড রশিদ টপকে গেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়েছিলেন ব্রাভো। আর ৬৩৩ উইকেট নিতে বরশিদ খেলেছেন ৪৬১ ম্যাচ।
দারুণ এই রেকর্ডের পর রশিদ বলেন, ‘অসাধারণ এক অর্জন। যদি ১০ বছর আগে আপনারা জিজ্ঞাসা করতেন আমি এখানে পৌঁছাতে পারব কি না, বলতাম কখনো এ নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারও এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের, আমি আরও এগিয়ে যেতে চাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।