বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ

রাজশাহীতে ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় বিল নিয়ে দ্বন্দ্বে মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫৬)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক।

স্থানীয়রা জানান, ওই এলাকায় বিল নিয়ে দু’পক্ষের ঝামেলা চলে আসছে। বুধবার (২৩ জুলাই) সকালে হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে নিজের ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিলেন মুজিবুর। হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার পথ আটকিয়ে জেরা শুরু করেন। একপর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে ফেলেন। এসময় তাকে মারধর করা হয় বলেও স্থানীয় কয়েকজনের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ভ্যানচালকের সাথে অনেক অন্যায় করা হয়েছে। তাকে চুরির নামে বেঁধে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।

ভুক্তভোগী মুজিবুর রহমানের স্বজনরা বলেন, মুজিবুরকে মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস ও নাদের আলীসহ কয়েকজন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন। ওখানে বিল নিয়ে ঝামেলা আছে আগে থেকেই।

তবে অভিযুক্ত আবুল কালাম বলেন, মুজিবুর ও তার ভাই এবাদুর রহমান বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করে আসছেন। কয়েক দফা হাতেনাতে ধরে সতর্ক করা হলেও তারা শোনেননি।

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ওখানকার বিল নিয়ে ঝামেলা বেশ পুরোনো। এ নিয়ে বিরোধের জেরে ‍দু’টি মামলা হয়। একটি মামলা শেষ হয়েছে, আরেকটি বিচারাধীন আছে।

ওসি বলেন, ভ্যানচালককে আটকিয়ে রাখা হয়েছে বলে খবর পেয়ে পুলিশ পাঠাই। তবে পুলিশ গিয়ে তাকে গাছের সাথে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি। তাকে হেফাজতে নেওয়া হয়। তবে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বিল নিয়ে দ্বন্দ্বের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/23/bangladesh/newsid-9984/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ