বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫, ০৪:০৯ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ২ দিনব্যাপী গবেষণা সেমিনার শুরু

লেখক: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরের মনোনীত গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি সেমিনার শুরু হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনারের উদ্বোধন হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত থাকার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।” তিনি আরও বলেন, “ময়মনসিংহ অঞ্চল শিল্প-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। কলা অনুষদের এই সেমিনারে যে গবেষণা উপস্থাপিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উন্মোচনে ভূমিকা রাখবে।”
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সেমিনারে মূল আলোচক ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রধান মো. তারিফুল ইসলাম। সেমিনারে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/20/education/newsid-9871/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৭-০৬-২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ