বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৫:২৬ অপরাহ্ণ

‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহার হবে না হেফাজতে ইসলাম

লেখক: রাজশাহী প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক স্বার্থে ব্যবহার হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহীতে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর দড়িখরবোনা মোড় এলাকার একটি মিলনায়তনে সংগঠনটির রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।

হেফাজতে ইসলামের এ নেতা আরও বলেন, আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামীও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে।

এদিন প্রতিনিধি সম্মেলনে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। মুফতি হুসাইন ও মুফতি আব্দুস সবুর সিরাজীকে মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে। আর মাওলানা ইমরান উদ্দিনকে করা হয় সাধারণ সম্পাদক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/17/bangladesh/newsid-9753/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ