বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫, ০৫:১২ অপরাহ্ণ

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

লেখক: কুবি প্রতিনিধি

চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে একটি দল এখনো ক্ষমতায় আসেনি, অথচ জনগণের ক্ষোভ ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক দলের বন্ধুরা হাসিনার পতনের আন্দোলনে রাজপথে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজ তাদেরই দলের কর্মীরা রাজপথে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা যে রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করেছি, তা এখনও বাস্তবায়ন করতে পারিনি।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে। চাঁদার জন্য একজন মানুষকে হত্যা করেছে। আমরা কখনোই চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিতে পারি না।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/11/education/newsid-9505/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৮-২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ণ